Ad Code

গুতেরেসকে নিয়ে কক্সবাজার পৌঁছেছেন ড. ইউনূস

false জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে সঙ্গে নিয়ে কক্সবাজার পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজার পৌঁছান তারা। কক্সবাজার বিমানবন্দরে জাতিসংঘ মহাসচিবকে জানান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক ই আজম। কক্সবাজারে প্রধান উপদেষ্টা নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব উখিয়ায় প্রায় এক লাখ রোহিঙ্গাদের সঙ্গে ইফতারে যোগ দেবেন। জাতিসংঘ মহাসচিব গুতেরেস বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যাবেন। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদনকেন্দ্র পরিদর্শন করবেন। ইফতারের পর প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের একসঙ্গেই ঢাকায় ফেরার কথা রয়েছে। এর আগে, শুক্রবার সকাল ১০টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন আন্তোনিও গুতেরেস। সাক্ষাৎ শেষে শুক্রবার এক এক্স বার্তায় আন্তোনিও গুতেরেস মন্তব্য করেন যে, বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে পাশে থাকবে জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিব এক্স বার্তায় বলেন, ‘আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে তাদের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানাই। বাংলাদেশের সাম্প্রতিক সংস্কার ও রূপান্তরের এই গুরুত্বপূর্ণ সময়ে একটি টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে জাতিসংঘ সর্বদা আপনাদের পাশে থাকবে’। এর আগে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠক করেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব একই উড়োজাহাজে কক্সবাজার ভ্রমণ করেন। এদিকে, সফরের দ্বিতীয় দিন সকালেই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার সকাল ৯টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে বৈঠকটি অনুষ্ঠিত হয়। আমারবাঙলা/জিজি

from Amarbangla Feed https://ift.tt/B9jieMR

Post a Comment

0 Comments